জেলার পরশুরামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মো. আফফান মেহেদী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আফনান উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর জঙ্গলঘোনা গ্রামের প্রবাসী মো আরিফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে পশ্চিম সাহেবনগরে রিটু মিয়ার বাড়িতে মেয়ে বিলকিস আক্তার তার ছেলে আফফানকে নিয়ে বেড়াতে যান। দুপুর ২টার দিকে বসতবাড়ি সংলগ্ন পুকুরে পড়ে যায় আফফান। তাকে দীর্ঘ সময় খোঁজাখুজির পর পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ ভৌমিক শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বাসস’কে জানান, হাসপাতালে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অনুরোধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।



