আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তায় তিনি বলেছেন, গালাগালি কোনো সমস্যার সমাধান নয়; বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে এগিয়ে যেতে হবে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে নরেন্দ্র মোদির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওবার্তায় মোদি বলেন, দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের সময় তাকে এবং তার মাকে অশালীন ভাষায় কটূক্তি করা হয়েছে। বিষয়টি শুধু ভারতের মানুষ নয়, বিশ্বের মানুষও দেখেছে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ছোট বয়সে ভুল হতে পারে। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করা প্রয়োজন। সমাজে এ ধরনের ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এখনও সময় আছে—তরুণদের কাছে টেনে এনে তাদের সঠিক পথ দেখাতে হবে। শাস্তি দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি আন্দোলনকারীদের ক্ষমা করার কথা জানান।
মোদি উদাহরণ দিয়ে বলেন, কখনো কখনো দাঁতের নিচে জিভ চলে আসে এবং রক্তও পড়ে, কিন্তু তাই বলে দাঁত ভেঙে ফেলা হয় না। কারণ দাঁত ও জিভ দুটিই শরীরের অংশ। একইভাবে এসব তরুণও দেশেরই অংশ।



