কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে দ্বীপের দক্ষিণপাড়া এলাকার বেড়িবাঁধসংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, বিকেলে বেড়িবাঁধের ব্লকের মধ্যে একটি মরদেহ আটকে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করেন।
পুলিশের প্রাথমিক ধারণা, গত শুক্রবার রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে এই যুবক থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সনজীব জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাড়ি রয়েছে এবং মরদেহে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।



