ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার ধোলাইপাড় থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি বাবলাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
আহত কয়েকজন যাত্রী অভিযোগ করেন, দুর্ঘটনার আগে চালককে সতর্কভাবে গাড়ি চালানোর অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। পরে বৃষ্টির মধ্যে পিচ্ছিল সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।



