পরীক্ষামূলক সংস্করণ

কদমতলীর মাদরাসার বাথরুমে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে নাঈম ইসলাম শেখ (১২) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে জোড়া খাম্বা এলাকার রওজাতুল উলুম হাফিজিয়া নূরানী মাদরাসার তৃতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নাঈম ইসলাম শেখ বরিশালের উজিরপুর উপজেলার মোশন গ্রামের বাসিন্দা। বর্তমানে সে পরিবারের সঙ্গে কদমতলীর মুরাদপুর এলাকায় ভাড়া বাসায় থাকত এবং ওই মাদরাসায় পড়াশোনা করত।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন জানান, দুপুরে নামাজের জন্য অজু করতে বাথরুমে যায় নাঈম। দীর্ঘ সময় পরও কোনো সাড়া না পেয়ে মাদরাসার শিক্ষকরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

পরে তাকে বাথরুমের ভেতরে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় পরনের পাঞ্জাবি পেঁচানো অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে নিচে নামানো হলেও পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এসআই আমজাদ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

প্রধান খবর

আসছে...