স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয় ও প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসব মন্ত্রণালয় ও বিভাগে মন্ত্রী বা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি সালাহউদ্দিন আহমদ ও ড. আবদুল মঈন খান সম্পাদন করবেন।
এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পেয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়-সংক্রান্ত মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পেয়েছেন।
ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে এসব বিষয়ের দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।



