স্থানীয় সরকার নির্বাচনে ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে দলটি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। মাঠপর্যায়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, অনেক জায়গায় ইতোমধ্যে অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনেও জামায়াত নির্বাচনে অংশ নেবে এবং সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
স্থানীয় নির্বাচনে জোটগত প্রার্থী নয়
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গড়ে ওঠা ১১ দলীয় ঐক্য নিয়ে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে ১১ দল এখনো ঐক্যবদ্ধ রয়েছে।
তবে স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে কোনো প্রার্থী দেওয়া হবে না বলে জানান তিনি। এ নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ প্রার্থী নিয়ে অংশগ্রহণ করবে।



