নোয়াখালীতে দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নোয়াখালী পৌরসভার হোয়াইট হল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের ব্যানারে নিষিদ্ধ যুবলীগের নোয়াখালী জেলার যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লবের নাম উল্লেখ ছিল। তবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি ফজলুল হক সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
হোয়াইট হল এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোদার মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা স্থানীয় বাসিন্দা নন। তারা বিভিন্ন স্থান থেকে এসে একত্রিত হয়ে মিছিল করে দ্রুত সরে যান।
ওসি আরও জানান, মিছিলে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



