সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করে কাজ দ্রুত শেষ করা, শূন্য পদ দ্রুত পূরণ এবং বিদ্যমান বিদ্যুৎ-জ্বালানি সমস্যা সমাধানে সৌরবিদ্যুতের ওপর জোর দেওয়াসহ বিভিন্ন বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ সচিব উপস্থিত ছিলেন।
সচিব সভা সরকারের উচ্চপর্যায়ের একটি নীতিনির্ধারণী বৈঠক। মন্ত্রণালয় ও বিভাগের সচিবেরা এতে অংশ নেন। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নীতি বাস্তবায়ন এবং প্রশাসনিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে এ সভায় আলোচনা হয়।
সভায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সমস্যা মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে সরকারের কর্মকাণ্ড আরও গতিশীল করা, কাজ দ্রুত শেষ করা এবং শূন্য পদ পূরণসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন এবং খাল খননের কাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির যথেষ্ট উন্নতির লক্ষ্যে সৌর প্যানেল স্থাপনের বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত শূন্য পদ পূরণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রয়নীতি অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে ক্রয়সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার জন্যও সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সরকারি দপ্তরগুলোতে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের সচিব সভার আলোচ্যসূচিতে সরকারের কার্যক্রম আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করার বিষয়টি ছিল। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনার বিষয়টিও আলোচনায় ছিল।
এ ছাড়া ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে আলোচনা করা হয়। সরকারের কার্যক্রম-সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ও সভার আলোচ্যসূচিতে ছিল।



