ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসরাফিল রতন জানান, তারা ককটেল বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা গেছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করছেন।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের সড়কসংলগ্ন মূল ফটকের সামনেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণা করে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাটিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বিস্ফোরণকারী দুজনকে শনাক্ত করা হয়েছে। তারা আওয়ামী লীগের দুষ্কৃতকারী কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে সরকার তদন্ত করছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার পর ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে।



