পরীক্ষামূলক সংস্করণ

ট্রলারে ফিরল মরিয়মের মরদেহ, মধ্যরাতে জানাজায় মানুষের ঢল

মো. মোকাররম বিল্লাহ ইমন
শ্যামনগর,সাতক্ষীরা থেকে ফিরে এসে

রাত তখন প্রায় ১১টা। নদীর ঘাটে অপেক্ষায় স্বজন ও স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণ পর অন্ধকার নদীপথ পেরিয়ে একটি ট্রলার ভিড়ল ঘাটে। সেই ট্রলারেই ঢাকা থেকে নিজ গ্রাম সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় ফিরলেন মরিয়ম খাতুন—তবে নিথর দেহে।

ঢাকায় ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে সোমবার রাতে ট্রলারে করে মরিয়মের মরদেহ গাবুরা ইউনিয়নের সরদারপাড়ায় পৌঁছায়। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ আসার খবর পেয়ে নদীর তীরে জড়ো হন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

ঘাট থেকে মরদেহ নেওয়া হয় বাড়িতে। সেখানে গোসল ও কাফনের ব্যবস্থা করেন স্বজনেরা। এর মধ্যেই জানাজার জন্য জড়ো হতে থাকেন আশপাশের মানুষ।

রাত ১২টার দিকে গাবুরা পশ্চিমপাড়া সরদারবাড়ি জামে মসজিদের পাশে মরিয়মের জানাজা অনুষ্ঠিত হয়। গভীর রাতেও জানাজায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। ইমামতি করেন নওয়াবেঁকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল হুদা।

জানাজা শেষে রাত ১২টা ৪০ মিনিটের দিকে পারিবারিক কবরস্থানে মরিয়মকে দাফন করা হয়।

গাবুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘মরিয়ম অত্যন্ত কম বয়সী একটি মেয়ে, আমার মেয়ের চেয়েও ছোট। তার এমন মৃত্যুতে পুরো এলাকা হতভম্ব ও শোকাহত। এত গভীর রাতেও তার জানাজায় এত মানুষের উপস্থিতি প্রমাণ করে, এলাকার মানুষ তাকে কতটা ভালোবাসত।’

মরিয়মের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

জানাজায় ইমামতি করা মাওলানা নুরুল হুদা বলেন, ‘গভীর রাতেও এলাকাবাসী জানাজায় অংশ নিয়েছেন। মরিয়মের মরদেহ ঢাকা থেকে আনা এবং দাফন-কাফনের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা করেছে।’

মধ্যরাতে মরিয়মকে দাফন করা হলেও তাঁর মৃত্যু ঘিরে প্রশ্নের অবসান হয়নি। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।

রোববার ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

এ ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। পুলিশ গাজী নজরুল ও মাকসুদাকে গ্রেপ্তার করেছে।

মামলায় আনা অভিযোগ এবং মরিয়মের মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ।

প্রধান খবর

জাতিসংঘে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা, জাতীয় স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও পাচার রোধে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। লিটারে ২০ টাকা বাড়ানোর পরও সরকারকে ডিজেলে প্রতি লিটারে ৭০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।

আসছে...