ফরিদপুর শহরের কোতোয়ালি থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে অস্ত্র, ককটেল, ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ সাফায়েত আহমেদ (৩৬) নামে এক ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ও সকালে অভিযান দুটি চালানো হয়।
এসআরবি-১০ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তর কালীবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ভবনে মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মাদকসেবীরা পালিয়ে যায়। পরে ভবনটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এরপর সকাল পৌনে ৯টার দিকে নীলটুলি এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালায় এসআরবি। সেখানে পালানোর চেষ্টাকালে চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে সাফায়েত আহমেদকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতঘরে তল্লাশি চালিয়ে দুটি ককটেল, একটি খেলনা পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, একটি ছুরি, একটি সুইচ গিয়ার, একটি ওয়াকিটকি ও একটি ট্রেজার গান উদ্ধার করা হয়।
এ ছাড়া ২৫ রাউন্ড গুলির খোসা, ১০ পিস ইয়াবা, দুটি সেনাবাহিনীর ক্যাপ, একটি এপিবিএন ক্যাপ ও একটি সেনাবাহিনীর কোমরবন্ধনী উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাফায়েত দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মাদক ও একটি সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।
এসআরবি-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



