বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে বরগুনার সোনার বাংলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলাম বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গাজী টেলিভিশনের স্টিকার বা লোগো সংবলিত একটি প্রাইভেটকার গৌরীচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। পথে সোনার বাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাওহিদুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় আরও দুজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাবলু নামে এক আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তারন্ত করা হবে।



