ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় একটি বহুতল মার্কেটের কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কালিগঞ্জ জোড়া ব্রিজ এলাকার আবুল হোসেন মার্কেটের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত কাপড়ের গোডাউন থেকে স্থানীয়রা হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক তৈরি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে মার্কেটে প্রবেশের সড়কটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে।
পরিস্থিতি মোকাবিলায় পার্শ্ববর্তী শুভাঢ্যা খাল খননের কাজে নিয়োজিত সেনাবাহিনীর একটি এক্সকেভেটর ব্যবহার করে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহযোগিতা নেওয়া হয়।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তার হোসেন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পাঁচটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা অগ্নিকাণ্ড-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণসহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



