রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান, যিনি ব্যারিস্টার আরমান নামে পরিচিত।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মিরপুর-২ নম্বরে ২ নম্বর মসজিদ মার্কেটের এফ ব্লকের ৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্র দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গত ১ অক্টোবর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মিষ্টির শূন্য ঘোষিত আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



