পরীক্ষামূলক সংস্করণ

দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই সবার স্বার্থ রক্ষা সম্ভব: প্রধানমন্ত্রী

দেশকে এগিয়ে নিতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে। দেশের স্বার্থকে অগ্রাধিকার দিলেই প্রতিটি নাগরিকের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। আর এর মধ্য দিয়েই সবার জন্য বাংলাদেশ গড়ে তোলা যাবে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

দেশের বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত তরুণদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, অনেক তরুণ পড়াশোনা ও পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের কল্যাণে স্বেচ্ছায় কাজ করছেন। মানুষের বিপদে পাশে দাঁড়াচ্ছেন। তাদের এসব উদ্যোগ ও অবদান দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ পাওয়া তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা সাফল্য অর্জন করেন, তাদের অধিকাংশই তরুণ। একইভাবে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের আন্দোলনেও প্রবীণেরা মেধা, বুদ্ধি ও পরামর্শ দিয়ে সহায়তা করলেও সরাসরি মাঠে থেকে তরুণসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, দেশের বড় পরিবর্তন ও অগ্রগতির ক্ষেত্রে তরুণদের শক্তি, সাহস, মেধা ও উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শক্তিকে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো এখন শুধু সরকারের নয়, দেশের মানুষেরও। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।

তরুণ উদ্যোক্তা ও প্রতিভাবান যুবকদের সহায়তায় সরকারের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, স্টার্টআপ ফান্ড বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে। দেশের মেধাবী ও প্রতিভাবান তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ জন্য ৫০০ কোটি টাকার তহবিলের পরিমাণ প্রয়োজনে আরও বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও কর্মস্পৃহাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। তরুণদের শুধু নিজেদের উন্নতির কথা ভাবলে চলবে না; দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথাও বিবেচনায় নিতে হবে।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন যুব স্বেচ্ছাসেবক ও যুব সংগঠনের প্রতিনিধির হাতে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ তুলে দেন প্রধানমন্ত্রী। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকার চেক, সম্মাননা স্মারক ও সনদপত্র দেওয়া হয়।

এ ছাড়া যুব সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে দেশের ৪৩২টি যুব সংগঠনকে আর্থিক অনুদান দেওয়া হয়। প্রতিটি সংগঠন পেয়েছে দুই লাখ টাকা করে।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের মধ্য থেকে তিনজন নিজেদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়া তরুণ ও যুবকদের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উপস্থিত ছিলেন। দেশের ৬৪টি জেলা থেকে যুব স্বেচ্ছাসেবকেরা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত হন।

প্রধান খবর

সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করা ও সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই সবার স্বার্থ রক্ষা সম্ভব: প্রধানমন্ত্রী

যুবসমাজকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং যুব সংগঠনগুলোকে অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন।

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

আসছে...