পরীক্ষামূলক সংস্করণ

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ ৬০ দিনের জন্য স্থগিত ট্রাম্পের

রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের পদক্ষেপ ৬০ দিনের জন্য স্থগিত রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ে এসব পদক্ষেপের সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ করা হলে তা বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা মূল্যায়ন করতে ৬০ দিন সময় নিতে চান ট্রাম্প। তাঁর মতে, এসব বিধিনিষেধের প্রভাব শুধু রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; অন্যান্য দেশও এর ফলে অর্থনৈতিক চাপের মুখে পড়তে পারে।

রুবিও আরও বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত জ্বালানির বাজারকে অস্থিতিশীল করে তুলছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের সংঘাত পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর প্রভাব অপরিশোধিত তেল ও ডিজেলের আন্তর্জাতিক বাজার ছাড়িয়ে বিভিন্ন দেশের অর্থনীতিতেও ছড়িয়ে পড়ছে।

শনিবার রাতে নিজের সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে বলে তিনি মনে করেন। তবে এ বিষয়ে তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়। বিষয়টি আরও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি।

গত মাসে কংগ্রেসে অনুমোদিত রাশিয়াবিরোধী কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক কার্যকরের পরিকল্পনা থেকে সাময়িক অব্যাহতি দিয়ে শুক্রবার রাতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। আইন অনুযায়ী, চলতি মাসেই এসব বিধিনিষেধ কার্যকর হওয়ার কথা ছিল। নতুন আইনে রাশিয়ার সরকারি কর্মকর্তা, প্রভাবশালী ধনকুবের ও আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতাদের ওপর শুল্ক আরোপের ক্ষমতাও প্রেসিডেন্টকে দেওয়া হয়েছিল।

আইনটির মূল লক্ষ্য ছিল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠদের অর্থের জোগান কমানো এবং ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রাশিয়ার আর্থিক সক্ষমতা দুর্বল করা।

ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক দলের কয়েকজন আইনপ্রণেতা। রিপাবলিকান সিনেটর থম টিলিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ পদক্ষেপকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেন। তাঁর মতে, জ্বালানির দাম কমাতে চাইলে পুতিনকে বিশেষ সুবিধা দেওয়ার পরিবর্তে ইরান-সংক্রান্ত সংকট সমাধানে মনোযোগ দেওয়া উচিত। অন্যদিকে, সিনেটর টেড ক্রুজ ফক্স নিউজে দেওয়া মন্তব্যে সিদ্ধান্তটিকে ‘ভুল’ বলে অভিহিত করেন।

প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সমঝোতার পরই ট্রাম্প নির্বাহী আদেশটি দেন। এর পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির একটি চুক্তির বিষয়টিও সামনে এসেছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রাথমিকভাবে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহের পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। পরবর্তী সময়ে নভেম্বর ও তার পরও চালান আসার কথা রয়েছে।

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও চাপ বাড়ছে। দেশটির সড়কপথে পণ্য পরিবহন, কৃষি ও নির্মাণ খাতে ডিজেল গুরুত্বপূর্ণ জ্বালানি। একই সঙ্গে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। আগামী মাসে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্পের রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

রাশিয়ার ডিজেল রপ্তানির বিষয়ে রুবিও বলেন, পুতিন যে ডিজেল বিক্রির পরিকল্পনা করেছিলেন, তা কোনো না কোনোভাবে বিশ্ববাজারে আসতই। মূল প্রশ্ন হলো, সেই জ্বালানির কতটা যুক্তরাষ্ট্রের বাজারে পৌঁছাত।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে রাশিয়ার ওপর থেকে আরও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে। তাঁর মতে, ট্রাম্পের বর্তমান পদক্ষেপ রুশ প্রেসিডেন্ট পুতিনকে পুরস্কৃত করার শামিল। তিনি সতর্ক করেছেন, এ ধরনের সিদ্ধান্ত রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আরও উৎসাহিত করতে পারে।

প্রধান খবর

সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করা ও সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই সবার স্বার্থ রক্ষা সম্ভব: প্রধানমন্ত্রী

যুবসমাজকে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠানে তিনি ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড এবং যুব সংগঠনগুলোকে অনুদানের পরিকল্পনার কথা তুলে ধরেন।

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অন্তত ৫০

উত্তরায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ-শ্রমিক সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

আসছে...