বাগেরহাটের শরণখোলায় একটি ভাড়া বাসা থেকে শান্তা আক্তার জুঁই (২৬) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে রায়েন্দা ইউনিয়নে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শান্তা আক্তার জুঁই শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের কুয়েতপ্রবাসী আনোয়ার হাওলাদারের স্ত্রী। তার স্বামী বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। জুঁইয়ের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশে থাকাকালে অন্য এক ব্যক্তির সঙ্গে জুঁইয়ের সম্পর্ক গড়ে ওঠে। ওই ব্যক্তির সঙ্গে তিনি ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে স্থানীয়দের দাবি। ঘটনার পর থেকে ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। তবে তার পরিচয় এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাসার মালিক মো. ফরিদ হোসেন জানান, গত ৫ অক্টোবর জুঁই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার পেছনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



