রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশ নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, তাঁর হাতে থাকা অস্ত্রটি বৈধ। তবে তিনি কাউকে ভয় দেখাননি বা গুলি করেননি বলেও জানিয়েছেন। তাঁর ভাষ্য, মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই তাঁরা ওই অভিযান চালিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে এসব কথা জানান ইশরাক হোসেন।
প্রতিমন্ত্রী জানান, গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক কারবারের বিষয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এ কারণে বাধ্য হয়ে সেখানে অভিযানে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান ইশরাক।
পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে তিনি পুলিশের সঙ্গে অন্তত ৩০ থেকে ৪০ বার বৈঠক করেছেন। তবে প্রতিবারই বিভিন্ন সমস্যার কথা জানানো হয়েছে। কখনো জনবলসংকট, আবার কখনো গাড়ির অভাবের কথা বলা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছিলেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার কারণ ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, মাদক কারবারিরা দূর থেকে গুলি করে। এ কারণে নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর হাতে অস্ত্র ছিল।
তিনি বলেন, ‘আমি তো আর গুলি করিনি। ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি। আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।’
এর আগে শনিবার বিকেলে গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার সময় ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর একজন জনপ্রতিনিধির অস্ত্র হাতে এমন অভিযানে অংশ নেওয়া নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।
অভিযান শেষে ছয়জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, প্রতিমন্ত্রীর ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের কাছে পাওয়া সাদা পাউডারজাতীয় পদার্থ মাদক কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন তিনি।



