রংপুরের মিঠাপুকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালিদ উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে মাদারপুরের খিয়ারচড়া এলাকায় গরু চোর সন্দেহে খালিদ হাসানকে আটক করেন স্থানীয় কয়েকজন। একপর্যায়ে উত্তেজিত লোকজন তাকে ঘিরে ধরে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে সোমবার রাতে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই।



