গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের মাঝপথে চলন্ত নৌকার পাটাতনে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের এক প্রসূতির নিজ বাড়িতে প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। এ সময় জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে প্রসূতিকে কাঁধে করে বালুচর পার হয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে যান তারা।
তবে ঘাটে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে কোনো নৌকা না পাওয়ায় বিপাকে পড়েন প্রসূতির স্বজনরা। ঠিক ওই সময় সেখানে উপস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের একটি দল তাদের সহায়তায় এগিয়ে আসে। সংস্থাটির একটি নৌকায় করে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।
নৌকায় করে নদী পার হওয়ার সময় মাঝনদীতে প্রসববেদনা বেড়ে গেলে নৌকার পাটাতনেই কন্যাশিশুটির জন্ম হয়। পরে মা ও নবজাতকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়। বর্তমানে দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার বর্ণনা দিয়ে গণ উন্নয়ন কেন্দ্রের প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা জানান, একটি প্রকল্পের জরিপ কার্যক্রম শেষে তারা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন। এ সময় প্রসূতির স্বজনরা তাদের কাছে হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা চান।
প্রসূতির অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তারা দ্রুত তাকে নিজেদের নৌকায় তুলে নেন। পরে নদীপথে হাসপাতালে নেওয়ার সময় নৌকার পাটাতনেই কন্যাশিশুটির জন্ম হয়।



