পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী থেকে সাবেক এমপি শরিফুল গ্রেপ্তার

অল ক্রাইমস. টিভি ডেস্ক

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির বগুড়া জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তার বয়স ৭৬ বছর।

শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।

শরিফুল ইসলাম জিন্নাহ বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা। তিনি মৃত আজিমদ্দিনের ছেলে এবং দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বগুড়া-২ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ছিল ১৫। ওই মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলাসহ মোট ১০টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান খবর

আসছে...