অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) এই সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা।
রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর উড়োজাহাজে তল্লাশি চালানো হয়। গোয়েন্দা সংস্থা এবং এভিয়েশন সিকিউরিটি সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, যা মিলিয়ে মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি।
উদ্ধারকৃত সোনার বারগুলো বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে বিধি অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের জন্য তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



