অল ক্রাইমস. টিভি ডেস্ক
রাজধানীর পল্লবী থানার আলীনগর এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশের লুণ্ঠন হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি ১২ বোর শটগান, ২৭ রাউন্ড কার্তুজ, ১০ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি এবং দুই রাউন্ড শটগানের খালি খোসা।
মঙ্গলবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পল্লবী থানার একটি দল সেকশন-১২ এর আলীনগরের সাগুফতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায়। সেখানে দ্বিতীয় তলার একটি পরিত্যক্ত কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা এসব অস্ত্র ও গুলি পূর্বে লুণ্ঠিত হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



