পরীক্ষামূলক সংস্করণ

ত্বককে রোদ ও ঘামের ক্ষতি থেকে রক্ষা করার উপায়

অল ক্রাইমস. টিভি ডেস্ক

চৈত্রের প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন এর বড় প্রভাব পড়ে আমাদের ত্বকের ওপর। প্রচণ্ড গরম, অতিরিক্ত ঘাম, ধুলাবালু আর কড়া রোদ—সব মিলিয়ে ত্বক হয়ে পড়ে নির্জীব ও কালচে। তৈলাক্ত ত্বকে বাড়ে ব্রণের উপদ্রব, আর শুষ্ক ত্বক হয়ে যায় অনেক বেশি রুক্ষ। এ সময় আপনার ত্বকই আপনার সঙ্গে কথা বলবে, যদি আপনি মনোযোগ দেন। যদি মুখ অতিরিক্ত ভারী বা তেলতেলে লাগে, বুঝবেন আপনার বর্তমান রূপচর্চায় পরিবর্তন প্রয়োজন। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার প্রতিদিনের রূপচর্চায় পরিবর্তন আনা কোনো বিলাসিতা নয়; বরং এটি ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য।

গ্রীষ্মকাল আসার আগে থেকে ত্বকের যত্নে যে বিষয়গুলো মনে রাখতে হবে, সেগুলো হলো:

সঠিক ও গভীরভাবে ত্বক পরিষ্কার
গরমে ঘাম ও ত্বকের অতিরিক্ত তেলের কারণে লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। তাই দিনে অন্তত দুবার একটি মৃদু জেল বা ফোম-বেসড ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন। বিশেষজ্ঞরা পরামর্শ দেন জিংক বা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহারের, যা ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা না কমিয়েই বাড়তি তেল ও ময়লা দূর করতে পারে।

ভারী ক্রিমের বদলে হালকা ময়শ্চারাইজার
শীতের ভারী কোল্ড ক্রিম বা অয়েল বেসড ময়শ্চারাইজার এই গরমে ত্বকের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এর বদলে বেছে নিন ওয়াটার-বেসড বা জেল-বেসড ময়শ্চারাইজার। এটি ত্বকে পানির ভারসাম্য ঠিক রাখবে; কিন্তু কোনো তেলতেলে ভাব তৈরি করবে না। সোডিয়াম পিসিএ বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত জেল এই ঋতুতে ত্বকের জন্য আদর্শ।

সানস্ক্রিন নিয়ে কোনো আপস নয়
গরমে সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। বাইরে বেরোনোর অন্তত ২০ মিনিট আগে এসপিএফ ৫০ সমৃদ্ধ একটি নন-গ্রিজি বা ওয়াটার-বেসড সানস্ক্রিন ব্যবহার করুন। তবে শুধু একবার ব্যবহার করলেই চলবে না। প্রতি তিন থেকে চার ঘণ্টা অন্তর আগের সানস্ক্রিন পরিষ্কার করে নতুন করে আবারও ব্যবহার করতে হবে। পাশাপাশি ছাতা, টুপি বা ওড়না ব্যবহার করে সরাসরি রোদ থেকে ত্বক আড়াল করার চেষ্টা করুন।

অ্যান্টি-অক্সিডেন্ট ও এক্সফলিয়েশন
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সকালে ভিটামিন ‘সি’সমৃদ্ধ সিরাম ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রশ্মি ও পরিবেশগত দূষণ থেকে ত্বক রক্ষা করবে। এছাড়া সপ্তাহে এক বা দুবার একটি মৃদু স্ক্রাব দিয়ে ত্বক এক্সফলিয়েট বা পরিষ্কার করুন। এতে ত্বকের মৃত কোষগুলো উঠে গিয়ে সতেজ ভাব ফিরে আসবে। তবে রোদে পোড়া সংবেদনশীল ত্বকে খুব বেশি ঘষাঘষি করবেন না।

রাতে ত্বকের যত্ন
গরমে সারা দিনের ধকল শেষে রাতে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন। ঘুমানোর আগে ভালো করে মুখ ধুয়ে সানস্ক্রিন ও ঘাম পরিষ্কার করুন। রাতে ভারী কিছুর বদলে নায়াসিনামাইড বা হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত হালকা সিরাম বা জেল ব্যবহার করুন, যা ঘুমের মধ্যে আপনার ত্বকের টিস্যু মেরামতে সাহায্য করবে। এ সময় শিয়া বাটার বা পেট্রোলিয়ামসমৃদ্ধ পণ্য এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো তাপ আটকে রেখে ব্রণ সৃষ্টি করতে পারে।

সাধারণ কিছু ভুল যেগুলো এড়িয়ে চলতে হবে

  • অতিরিক্ত মুখ ধোয়া: বারবার মুখ ধোলায় ত্বক রুক্ষ হয়ে আরও বেশি তেল উৎপাদন শুরু করতে পারে।
  • ময়শ্চারাইজার বাদ দেওয়া: ঘাম মানেই কিন্তু হাইড্রেশন নয়। তাই গরমেও হালকা ময়শ্চারাইজার ব্যবহার করুন।
  • কেবল মেকআপের সানস্ক্রিনের ওপর ভরসা: মেকআপে থাকা হালকা সানস্ক্রিন পুরোপুরি সুরক্ষা দিতে পারে না। আলাদা সানস্ক্রিন ব্যবহার করুন।

পরিবর্তন আসবে সহজ কিছু অভ্যাসে
দৈনন্দিন কিছু অভ্যাসই ত্বককে ভেতর থেকে সুন্দর রাখতে পারে। প্রচুর পানি পান করুন। পানি শরীর থেকে টক্সিন বের করে দেবে। খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি রাখুন। দিনের প্রখর রোদের সময় (বেলা ১১টা থেকে ৩টা) সরাসরি রোদে যাওয়া এড়িয়ে চলুন।

প্রধান খবর

আসছে...