অল ক্রাইমস. টিভি ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং ৪ জনের মৃত্যু হয়েছে হামে। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১৫১ জন শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জন শিশুর।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ জন শিশু। একই সময়ে নতুন করে ১৫০ জন শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ পর্যন্ত মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২২৫ জনে পৌঁছেছে।
এছাড়া এখন পর্যন্ত ৭ হাজার ৬৫৬ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে বলে জানানো হয়েছে।



