অল ক্রাইমস.টিভি ডেস্ক
রাজধানীর ডেমরা উত্তর বাজার এলাকায় বাবা–ছেলের ধস্তাধস্তির সময় ছুরিকাঘাতে মো. ইসরাফিল (৪৫) নামের এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নেশার টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ইসরাফিলের ঝগড়ার সময় ছেলেও জড়িয়ে পড়ে। একপর্যায়ে বাবা–ছেলের মধ্যে ধস্তাধস্তি হলে ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান। তবে নিহতের স্ত্রী দাবি করেছেন, ধস্তাধস্তির সময় নিজের ছুরিতেই ইসরাফিল আহত হন।
পরে সকাল ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল । ঘটনার পর অভিযুক্ত কিশোর ছেলে পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, এখনো পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি।



