অল ক্রাইমস. টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরে দুই কোটি পঁচাত্তর লাখ কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। এটি আসন্ন নির্বাচনের আগে দেওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, কৃষকদের সহায়তার অংশ হিসেবে কৃষি ঋণ প্রথম সপ্তাহেই দশ হাজার টাকা পর্যন্ত মওকুফ করা হয়েছে এবং এর মাধ্যমে ইতোমধ্যে বারো লাখ কৃষক উপকৃত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কৃষিনির্ভর এলাকার উন্নয়নে কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্পকারখানা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার কাজ করছে, যাতে তারা তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পেতে পারেন। তিনি আরও জানান, কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করা হয়েছে এবং এ বিষয়ে গতকাল একটি বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীরা কোল্ডস্টোরেজ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষিপণ্যের সংরক্ষণ ও বিপণন ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টাঙ্গাইলে পৌঁছে সকাল দশটায় তাঁর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল। তবে সময়সূচি অনুযায়ী পৌঁছাতে দেরি হওয়ায় তিনি সরাসরি সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে যান এবং সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।



