পরীক্ষামূলক সংস্করণ

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে কাতারের কড়া বার্তা

অল ক্রাইমস.টিভি ডেস্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কাতার। দেশটি বলেছে, এই প্রণালীর নিরাপত্তা কোনোভাবেই হুমকির মুখে ফেলা যাবে না এবং এটি চালু রাখতে কোনো শর্ত আরোপ করা উচিত নয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, প্রণালিটি সচল রাখা এবং এর বন্ধ থাকার প্রভাব কমাতে অংশীদার দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ চলছে। তিনি বলেন, এর নিরাপত্তা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব।

তিনি আরও জানান, এই সংকটের সমাধান আঞ্চলিকভাবেই হওয়া উচিত, যেখানে উপকূলীয় দেশ ও নির্ভরশীল দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এ ছাড়া পাকিস্তানে সম্ভাব্য নতুন আলোচনার উদ্যোগকে সমর্থন করছে কাতার এবং শুরু থেকেই স্থায়ী সমাধান ও কার্যকর যুদ্ধবিরতির পক্ষে রয়েছে তারা।

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার জেরে প্রণালিটি বন্ধ হয়ে যায়, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও উপসাগরীয় অর্থনীতি ঝুঁকিতে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি হলেও চূড়ান্ত সমাধান না হওয়ায় যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করে।

এ অবস্থায় সৌদি আরবসহ বিভিন্ন দেশ অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আশঙ্কা, এতে উত্তেজনা আরও বাড়তে পারে। অন্যদিকে ইরান প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণের স্বীকৃতি দাবি করে নতুন করে সংঘাত না বাড়ানোর সতর্কবার্তা দিয়েছে।

প্রধান খবর

আসছে...