অল ক্রাইমস.টিভি ডেস্ক
ইসরাইল ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, উত্তর ইসরাইলে একাধিক রকেট হামলায় অন্তত একজন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে এক দফায় ৪০টিরও বেশি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এতে তামরা শহরের কাছে ৬১ বছর বয়সী এক ব্যক্তি রকেটের স্প্লিন্টারে আহত হন বলে নিশ্চিত করেছে ইসরাইলের জরুরি চিকিৎসা সংস্থা মাগেন ডেভিড আদম।
আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ প্রতিদিন শত শত রকেট নিক্ষেপ করছে, যার বেশিরভাগই দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে। কিছু রকেট সীমান্ত অতিক্রম করে ইসরাইলের ভেতরে আঘাত হানছে বলেও জানানো হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর ধারণা, এই গোষ্ঠীর কাছে এখনো হাজারো স্বল্প-পাল্লার রকেট এবং শতাধিক দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের বেশিরভাগ হামলা লিতানি নদীর উত্তরের দক্ষিণ লেবানন অঞ্চল থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি করা হয়।
অন্যদিকে, পাল্টা জবাবে ইসরাইলও লেবাননে বিমান হামলা জোরদার করেছে। আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ-এর ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা চললেও, ওই উদ্যোগ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি লেবানন সরকারের নিরস্ত্রীকরণ উদ্যোগকেও বিরোধিতা করছে।
চলমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



