অল ক্রাইমস. টিভি ডেস্ক
বলিউড থেকে হলিউড—দুই অঙ্গনেই নিজের অবস্থান শক্ত করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এই সাফল্যের পেছনে রয়েছে বহু প্রত্যাখ্যান ও কঠিন অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
প্রিয়াঙ্কা জানান, তার ক্যারিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না। কোনো স্বজনপ্রীতি ছাড়াই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিতে গিয়ে তাকে নানা বাধার মুখে পড়তে হয়েছে। এমনকি বলিউডের অভ্যন্তরীণ রাজনীতি তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।

তিনি বলেন, একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও হঠাৎ করেই তাকে বাদ দেওয়া হয়। তখন তিনি ‘সালাম-ই-ইস্ক’ ছবির শুটিং করছিলেন। ওই সময়ই আরেকটি নতুন ছবিতে অভিনয়ের সুযোগ পান এবং চুক্তিও সম্পন্ন হয়। কিন্তু পরে সহ-অভিনেতার আপত্তির কারণে তাকে সেই প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়।
প্রিয়াঙ্কার ভাষায়, শুরুতে তিনি স্বজনপ্রীতির বিষয়টি বুঝতে পারেননি। তিনি ভাবতেন, যেমন বাবা-মা সন্তানের ভালো চান, তেমনই তারকারাও তাদের সন্তানদের জন্য ভালো চান। কিন্তু পরে বুঝেছেন, বাস্তবতা এতটা সহজ নয়।

মাত্র ২২ বছর বয়সে অভিনয়জীবন শুরু করার পর থেকেই প্রত্যাখ্যান যেন তার নিত্যসঙ্গী হয়ে ওঠে। একসময় তিনি এতটাই হতাশ হয়ে পড়েছিলেন যে পেশা পরিবর্তনের কথাও ভেবেছিলেন।
তিনি আরও জানান, একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পরও পরে তাকে জানানো হয় যে সেই চরিত্রে আর তাকে প্রয়োজন নেই। যদিও ছবিটির নাম তিনি প্রকাশ করেননি।
সব বাধা পেরিয়েও অভিনয়ের স্বপ্ন ছাড়েননি প্রিয়াঙ্কা চোপড়া। তার এই দৃঢ়তা ও পরিশ্রমের ফলেই আজ তিনি আন্তর্জাতিক অঙ্গনে সফল এক তারকা। তার সাফল্যের পেছনে রয়েছে সংগ্রাম, প্রত্যাখ্যান এবং ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণামূলক গল্প।



