পরীক্ষামূলক সংস্করণ

এমপি শওকতুল ইসলাম শকু ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ এবং ‘বিশ্বনেতা’ আখ্যা দিয়ে তাঁকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তোলায় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য (এমপি) শওকতুল ইসলাম শকুর একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। বিএনপির এই সংসদ সদস্য তাঁর বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী’ ও ‘বিশ্বনেতা’ হিসেবে অভিহিত করে তাঁর জন্য নোবেল পুরস্কারের দাবি তুলেছেন।

গত মঙ্গলবার (২ জুন) কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় এমপি শওকতুল ইসলাম শকু এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে শওকতুল ইসলাম শকু বলেন, “পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী কে? তার জন্য যদি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়, ইনশাআল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি পাবেন।” তিনি আরও যোগ করেন, “আমার প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। আমাদের মাঝে মাঝে ভয় হয়, মাঝে মাঝে শঙ্কা হয়—উনাকে যদি আমরা হারিয়ে ফেলি, আমরা তো এতিম হয়ে যাব। কে আমাদের আশ্রয় দেবে? উনি তো বাংলাদেশের নেতা নয়, বিশ্বের নেতা হয়ে গেছেন। উনি যে কর্মতৎপরতা দেখাচ্ছেন, বিশ্বে যদি কাউকে নোবেল পুরস্কারের জন্য ঘোষণা করা হয়, ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেটা পাবেন।”

পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ বুরহান উদ্দিন ময়েজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুরাদের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোক্তাদির মনুসহ স্থানীয় নেতৃবৃন্দ। তবে দলটির শীর্ষ পদাধিকারী তারেক রহমানকে ‘প্রধানমন্ত্রী’ এবং ‘বিশ্বনেতা’ সম্বোধন করে নোবেল জয়ী হওয়ার যোগ্য দাবি করার এই ভিডিও ও বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন মহলে হাস্যরস ও তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

 

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...