পরীক্ষামূলক সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার পালটা জবাব দিল ইরান

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পালটা হামলার দাবি করেছে ইরান। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহর এবং জর্ডানের আল আজরাক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বুধবার (১০ জুন) ভোরে বাহরাইনে সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মন্ত্রণালয় সবাইকে শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানায়।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় তারা বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে আঘাত হেনেছে।

তবে হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাহরাইন কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে কুয়েতেও বুধবার ভোরে সাইরেন বেজে ওঠে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশপথে আসা লক্ষ্যবস্তু প্রতিহত করতে কাজ করছে। একই সঙ্গে নাগরিকদের সরকারি নির্দেশনা অনুসরণ এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে আইআরজিসি দাবি করেছে, তারা দূরপাল্লার সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল আজরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে জর্ডানে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজার কোনো খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...