ঢাকার পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাই কোর্ট। একইসঙ্গে মামলার বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে রায় কার্যকরের প্রত্যাশা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
রোববার (১৪ জুন) বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাই কোর্ট বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাই কোর্টে আপিল আবেদন করেন দুই আসামি। আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিল গ্রহণের ফলে মৃত্যুদণ্ড রেফারেন্স এবং জেল আপিল একসঙ্গে শুনানির পথ সুগম হয়েছে। দ্রুত পেপারবুক প্রস্তুত হলে মামলার শুনানি শুরু করা সম্ভব হবে।
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা জানান, আইনের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিলের জন্য নির্ধারিত সময়সীমা দেওয়া হয়েছে। সেই প্রক্রিয়া অনুসরণ করেই মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সোহেল রানার আপিল আবেদনে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত সাক্ষ্য-প্রমাণ এবং নিম্ন আদালতের রায়ের ভিত্তিতে বিবেচনা করবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
অন্যদিকে, স্বপ্না আক্তার তার আপিলে দাবি করেছেন যে তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাকে অন্যায়ভাবে মামলায় আসামি করা হয়েছে। তিনি উচ্চ আদালতের কাছে খালাস চেয়েছেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক আসামির ন্যায়বিচার এবং আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে দ্রুত বিচার নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। তাই আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ কাজ করছে।
আলোচিত এই শিশু ধর্ষণ ও হত্যা মামলার আপিল শুনানি এবং মৃত্যুদণ্ড রেফারেন্সের পরবর্তী কার্যক্রম এখন হাই কোর্টে চলবে।



