পরীক্ষামূলক সংস্করণ

পদ্মা ব্যারেজ প্রকল্পের নকশা চূড়ান্ত: পানিসম্পদমন্ত্রী

জাতীয় স্বার্থ রক্ষা, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষি, মৎস্য, পরিবেশ এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’-এর নকশা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (২১ জুন) জাতীয় সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. নূরুল ইসলামের টেবিলে উপস্থাপিত একটি লিখিত প্রশ্নের জবাবে পানিসম্পদ মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও জাতীয় স্বার্থ সংরক্ষণের প্রেক্ষাপট বিবেচনা করে প্রকল্পটি পূর্ণাঙ্গ যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে এবং এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্পটিকে কোনো নতুন ধারণা নয় উল্লেখ করে তিনি জানান, ১৯৬০ থেকে ২০০০ সালের মধ্যে ব্যারেজ নির্মাণের উপযুক্ত স্থান নির্ধারণে মোট চারটি আন্তর্জাতিক সমীক্ষা পরিচালিত হয়েছিল। পরবর্তীতে ২০০২ সালে ‘ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশন’ (ওয়ারপো) পরিচালিত প্রাক-সম্ভাব্যতা সমীক্ষায় কুষ্টিয়ার ঠাকুরবাড়ি এবং রাজবাড়ীর পাংশা এলাকাকে ব্যারেজ নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে সুপারিশ করা হয়।

সংসদে পানিসম্পদ মন্ত্রী আরও জানান, এই প্রকল্পটির ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা সমীক্ষা ২০০৫ সালে অনুমোদিত হয়। এরপর চারটি দেশীয় ও তিনটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান এবং পাঁচটি দেশীয় সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে পরিচালিত এই সমীক্ষাটি দীর্ঘ প্রক্রিয়ার পর ২০১৩ সালে সম্পন্ন হয়। এই সমীক্ষার সুপারিশের ভিত্তিতে প্রণীত নকশাটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হয়েছে এবং সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কারিগরি কমিটির সামগ্রিক পর্যালোচনা ও মতামতের আলোকেই তা চূড়ান্ত রূপ পেয়েছে। এ ছাড়া, ২০১১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সংগৃহীত স্যাটেলাইট চিত্র এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিশ্লেষণে দেখা গেছে যে, প্রস্তাবিত এলাকায় নদীতীরের যথেষ্ট স্থিতিশীলতা রয়েছে এবং সেখানে নতুন চর গঠনের ফলে ব্যারেজ নির্মাণের জন্য পরিবেশগত ও প্রযুক্তিগত অবস্থান পুরোপুরি অনুকূল হয়েছে।

পদ্মার মতো একটি বৃহৎ নদীর গতি-প্রকৃতি অনবরত পরিবর্তনশীল হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সময় হাইড্রো-মরফোলজিক্যাল বা জল-গাঠনিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয় বলে মন্ত্রী উল্লেখ করেন। এই কারণে নকশা নিয়মিত হালনাগাদ এবং প্রয়োজনীয় অভিযোজন নিশ্চিত করতে দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে শক্তিশালী পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের ব্যবস্থা বহাল রাখা হয়েছে। একই সাথে এই প্রকল্পের জটিলতা ও কারিগরি দিকগুলো কঠোরভাবে বিবেচনায় নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অবসরপ্রাপ্ত খ্যাতিমান পানি বিশেষজ্ঞের নেতৃত্বে সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে বলেও পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সংসদকে অবহিত করেন।

প্রধান খবর

তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলনে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট অংশ নিচ্ছে।

বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে গিয়ে মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান। মঙ্গলবার সকালে হোটেলকক্ষে অসুস্থ অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নির্মাতা এমডি ইকবাল।

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজব ও বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ী, ভবানীপুর ও নতুন বাজার এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনাবাড়ীতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আসছে...