চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশগ্রহণ শেষে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে হাই-স্পিড (বুলেট) ট্রেনে করে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান শহর থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে, গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছানোর পর আজ বুধবার চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গুরুত্বপূর্ণ প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী। সেশনের শুরুতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। আন্তর্জাতিক এই উচ্চপর্যায়ের সেশনে বাংলাদেশ ছাড়াও বিশ্বনেতাদের মধ্যে অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ। মূল সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন এবং সেশনের বিরতিকালে বিশ্বনেতাদের সঙ্গে একটি যৌথ ফটোসেশনেও অংশ নেন।



