নারী ও শিশুদের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ২০ কোটি মানুষের দেশে সব দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে দিলে হবে না। প্রত্যেক নাগরিককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকার জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি জাতীয় পর্যায়েও কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকার ও জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।
স্বাস্থ্যসেবা প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৬০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, হাসপাতালের উন্নয়নে দ্রুত জনবল নিয়োগ এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হবে। রোগীর চাপ বেশি থাকায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সবাইকে ইতিবাচক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল, জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।



