দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত এসব জনগোষ্ঠীর জমি, শিক্ষা ও কর্মসংস্থানের বৈষম্য দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সমস্যা ও কষ্ট সবার কষ্ট। বিভিন্ন সময়ে সুবিধাবাদী গোষ্ঠী তাদের জমি দখল করেছে এবং শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। এসব বৈষম্য দূর করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তা হতে আগ্রহী ও ক্ষুদ্র ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা সহায়তা পাবেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ভাতা কার্যক্রম মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, তাদের জমি যেন কেউ জোরপূর্বক দখল করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।



