পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতিতে আসছেন ধানুশ? বাড়ছে জল্পনা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তামিলনাড়ুতে তার ফ্যান ক্লাবের সামাজিক কার্যক্রম, সাংগঠনিক তৎপরতা এবং সাম্প্রতিক কিছু বক্তব্যের কারণে প্রশ্ন উঠেছে—তিনি কি রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন?

তবে রাজনীতিতে প্রবেশের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ধানুশ। সম্প্রতি ভক্তদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি সামাজিক কাজে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।

ধানুশ বলেন, একসঙ্গে কাজ করার শক্তিকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রতিবেশীদের সমস্যা বুঝে তাদের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তার এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে চলচ্চিত্র তারকাদের রাজনীতিতে প্রবেশের দীর্ঘ ইতিহাস থাকায় ধানুশকে ঘিরে আগ্রহ বেড়েছে।

এর আগে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে আসার ঘোষণা দিয়েও পরে সরে দাঁড়ান। অন্যদিকে অভিনেতা থালাপতি বিজয় ইতোমধ্যে রাজনৈতিক দল গঠন করেছেন। ফলে ধানুশকে নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ধানুশের বক্তব্যের শেষে ‘ওম নমঃ শিবায়’ উচ্চারণ নিয়েও বিভিন্ন মহলে রাজনৈতিক ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তার বাবা ও নির্মাতা কস্তুরি রাজাও এর আগে পরিবারের কারও রাজনীতিতে আসার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন, যদিও ধানুশকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি।

এদিকে ধানুশের ফ্যান ক্লাবের পতাকা নিয়েও সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। তবে ফ্যান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো রাজনৈতিক পতাকা নয়; দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত আয়োজনে এটি ব্যবহার করা হচ্ছে।

ধানুশকে ঘিরে রাজনৈতিক আলোচনার বিষয়ে ভারতের ক্ষমতাসীন দল ডিএমকের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ রাজনীতিতে আসতে পারেন।

তবে সব জল্পনার মধ্যেও ধানুশের পক্ষ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে তার মূল মনোযোগ অভিনয় ও নির্মাণকাজেই রয়েছে।

প্রধান খবর

কমলাপুর রেলস্টেশনে নিয়মিত যৌথ অভিযান চালাবে র‍্যাব ও রেলওয়ে কর্তৃপক্ষ

মুনতাসীর মামুন : টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালান বন্ধে টাউনহল সভায় সিদ্ধান্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও আশপাশের এলাকায় টিকিট কালোবাজারি, মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত যৌথ অভিযান চালাবে

আসছে...