কুড়িগ্রামের রাজারহাটে জমি-সংক্রান্ত বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লিয়াকত হোসেন লিমন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।
রোববার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার এসআই আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে সরকারি রাস্তা নিয়ে জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা করেন।
নিহতের পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান জানান, এ হত্যা মামলায় ২৮ আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লিমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



