দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ১০৪ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।



