বাংলাদেশের বাজারে পাকিস্তানি পণ্যের পরিচিতি বাড়ানো এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ প্রদর্শনী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে। এটি চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজন করেছে পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রি।
‘বাণিজ্যিক ব্যবধান কমানো’ প্রতিপাদ্যে এবারের প্রদর্শনীতে পাকিস্তানের বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে পোশাক ও বস্ত্র, খাদ্যপণ্য, জুতা, রান্নাঘরের সামগ্রী, ক্রোকারিজ, গৃহস্থালি পণ্য, আসবাব, গয়না ও অন্যান্য ভোক্তা পণ্য প্রদর্শন করা হচ্ছে।
প্রদর্শনীর পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক সুযোগ নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি বৈঠক এবং সম্ভাব্য পরিবেশক ও ব্যবসায়িক অংশীদার খোঁজার সুযোগ থাকছে।
পাকিস্তানি খাদ্যপণ্য প্রতিষ্ঠান আহমেদ ফুডস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের জন্য স্থানীয় পরিবেশক খুঁজছে। বর্তমানে চট্টগ্রামে তাদের পণ্য পাওয়া গেলেও দেশজুড়ে বিতরণ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এবারের প্রদর্শনীতে সৌন্দর্য, ত্বকের যত্ন ও স্বাস্থ্যসেবা পণ্যও রয়েছে। হেমানি হারবালসের পণ্যও প্রদর্শন করা হচ্ছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রতিষ্ঠানটির স্টল পরিদর্শনের জন্য বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন।
তবে উদ্বোধনের দিন আয়োজন নিয়ে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যায়। সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কথা থাকলেও তা দুপুর ১টার দিকে শুরু হয়। এ সময় কয়েকটি স্টলে পণ্য সাজানোর কাজও চলছিল। এ বিষয়ে আয়োজকদের বক্তব্য জানতে চাওয়া হলেও তারা মন্তব্য করেননি।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান আরিফ হোসেন, পাকিস্তান অ্যাসোসিয়েশন অব এক্সিবিশন ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. খুরশিদ বারলাস ও চেয়ারম্যান ফাহাদ বারলাসসহ ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, প্রদর্শনী ও ব্যবসায়িক বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ বাড়বে এবং নতুন ব্যবসায়িক অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।



