নড়াইলের নড়াগাতীতে বাড়ি থেকে ডেকে নিয়ে নুর আরাফাত মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দেবদুন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নুর আরাফাত মোল্লা (৩৮) দেবদুন গ্রামের মোকিদুল মোল্লার ছেলে।
জানা গেছে, রাত ১১টার দিকে নুর আরাফাত মোল্লাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে কুপিয়ে আহত করা হলে পরিবারের নারী সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা তাদের ওপরও হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় নুর আরাফাত মোল্লাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াগাতী থানার ওসি হোসেন আলী জানান, জমি ও মাদক কারবারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, নিহত নুর আরাফাত মোল্লার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে। এসব মামলার মধ্যে অস্ত্র, ডাকাতি ও মাদকসংক্রান্ত মামলাও রয়েছে।
ঘটনার পর হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।



