সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, কোনো সরকারই সিন্ডিকেট পছন্দ করে না। সরকার চায়, ‘সিন্ডিকেট’ বলে যেন কোনো শব্দই না থাকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সরকারের লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করছে।
তিনি বলেন, বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। ভবিষ্যতে যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্প প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, তা এখনই বলা যাচ্ছে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সকালে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে নারায়ণগঞ্জের সাইলোতে গিয়ে সাইলো ও এর অভ্যন্তরে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন খাদ্যমন্ত্রী। তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



