পরীক্ষামূলক সংস্করণ

নওগাঁয় দুই ব্যাংক কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই

নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদীঘি সড়কের পারইল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

রাণীনগর উপজেলার আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার এজেন্ট ফিরোজ হোসেন জানান, ব্যাংকের ক্যাশিয়ার নাজমুল হোসেন (৩২) ও অফিস সহকারী রাসেল বাবু (২৮) প্রতিদিনের মতো বগুড়ার সান্তাহার ইসলামী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে মোটরসাইকেলে করে আবাদপুকুর শাখায় ফিরছিলেন।

পথে পারইল ব্রিজের দক্ষিণে একটি মোবাইল টাওয়ারের কাছে পৌঁছালে সামনে ও পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলে চারজন হেলমেটধারী ব্যক্তি তাদের পথরোধ করে।

পরে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে দুই ব্যাংক কর্মকর্তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে রাস্তার পাশে ফেলে রাখে। এ সময় তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় পথচারীরা আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, সড়কটিতে সন্ধ্যার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক থাকে। এর আগে রাতে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এবার দিনের বেলায় ব্যাংকের ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে জানান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

প্রধান খবর

আসছে...