রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল খাঁ একই গ্রামের মৃত মালু খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকালে বাড়ির পাশের এলাকায় আমড়া কুড়াতে যায় শিশুটি। এ সময় শিশুটিকে একা পেয়ে সাইফুল খাঁ পাশের গাছপালায় ঘেরা একটি স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে শিশুটির স্বজনদের জানান।
ঘটনার পর বিষয়টি থানায় না জানিয়ে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। শিশুটির বাবা জানান, তিনি থানায় অভিযোগ করতে চেয়েছিলেন। তবে স্থানীয় প্রভাবশালী কামাল শেখ সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বলে তাকে নিরুৎসাহিত করেন। দরিদ্র হওয়ায় তখন তিনি বিষয়টি নিয়ে আর বেশি কিছু করতে পারেননি।
পরে কয়েক দিন পার হলেও অভিযুক্ত ব্যক্তি সালিশে উপস্থিত হননি। এদিকে ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (৫ অক্টোবর) তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
পরে শিশুটিকে নির্যাতনের অভিযোগে মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় মামলা করেন তার বাবা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সাইফুল খাঁকে গ্রেপ্তার করে।
সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগের অভিযোগের বিষয়ে কামাল শেখ বলেন, বিষয়টি সালিশে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্ত ব্যক্তি সালিশে উপস্থিত না হওয়ায় তা সম্ভব হয়নি। থানায় না জানিয়ে সালিশের উদ্যোগ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটি আমি নিইনি। স্থানীয় মাতুব্বররা থাকতে বলেছিল।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল খাঁকে গ্রেপ্তার করেছে। পরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।



