পরীক্ষামূলক সংস্করণ

নোট অব ডিসেন্টসহ যেভাবে স্বাক্ষর, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ যেভাবে নোট অব ডিসেন্টসহ স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে সবার বক্তব্য শোনা হচ্ছে।

তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে নোট অব ডিসেন্টকে আলাদাভাবে বেঁধে রেখে সনদ বাস্তবায়নের অবস্থানে তারা নেই বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঐকমত্য যেখানে হয়েছে, সেখানে সবাই স্বাক্ষর করেছেন এবং জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করা হয়েছে। তাই সনদটি যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনী ইশতেহার, বিভিন্ন পক্ষের বক্তব্য এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে আসা প্রস্তাবগুলোও বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় অন্তর্ভুক্ত করে একটি বিল সংসদে উপস্থাপনের জন্য কমিটি প্রতিবেদন দেবে।

এদিকে বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে কমিটি। এতে শহীদদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা মিলিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন। জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষায় আইন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের জন্য সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও সংবিধানের নির্দিষ্ট জায়গায় অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার দ্রুত করতে সরকার আন্তরিক বলেও জানান তিনি।

প্রধান খবর

আসছে...