পরীক্ষামূলক সংস্করণ

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা চান শামা ওবায়েদ

রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক জাতীয় নীতি প্রচার কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগ ও ক্রিমিনোলজি রিসার্চ ফোরাম আয়োজিত ‘অনিশ্চিত প্রত্যাবর্তন: রোহিঙ্গা কণ্ঠস্বর প্রত্যাবাসন’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন শামা ওবায়েদ।

বক্তব্যে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। টেকসই প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য কর্মপরিকল্পনা, সহিংসতা বন্ধ, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া এগিয়ে নিতে একটি ‘জাতীয় কৌশল প্রণয়ন কমিটি’ গঠনের বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গারা মিয়ানমারকে তাদের আবাসভূমি হিসেবে প্রত্যাখ্যান করছে না। বরং যে পরিস্থিতির কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল, সেই পরিস্থিতিতে ফিরে যেতে তারা রাজি নয়।

তিনি বলেন, বিশ্বাসযোগ্য প্রত্যাবাসন পরিকল্পনার ক্ষেত্রে রোহিঙ্গাদের স্বীকৃতি ও পরিচয়, ভূমি ও সম্পত্তির অধিকার, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্য নিশ্চয়তার বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রীর মতে, প্রত্যাবাসন মূলত আস্থার বিষয়। রোহিঙ্গারা দয়া বা অনুদান নয়, তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি করছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত এবং বাংলাদেশ অনির্দিষ্টকাল এই সংকটের বোঝা বহন করতে পারে না। একই সঙ্গে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর ওপর অপরাধ ও নিরাপত্তাহীনতার প্রভাবকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে গবেষণা দলের পক্ষ থেকে তাদের গবেষণার ফলাফল তুলে ধরা হয়। গবেষণায় কক্সবাজারের উখিয়ার ১৭টি রোহিঙ্গা ক্যাম্পের ৮১৬ জন রোহিঙ্গার ওপর জরিপ চালানো হয়। এ ছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের ৭২টি গভীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

অনুষ্ঠানের একপর্যায়ে ক্রিমিনোলজি বিভাগের আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রধান খবর

আসছে...