পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডিতে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় ২৫ জনকে বাংলাদেশি নাগরিক দাবি করে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় তাদের সীমান্ত পার করে দেওয়ার অভিযোগে এক ভারতীয় নাগরিককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে কুশমণ্ডি ব্লকের মালিগাঁও গ্রাম পঞ্চায়েতের লোহাগঞ্জ-পঞ্চনগর এলাকার কাঁকিপাড়া কদমতলায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা অপরিচিত একদল মানুষকে ব্যাগপত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ করেন। জিজ্ঞাসাবাদের সময় কয়েকজন ধানক্ষেতে পালিয়ে লুকানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে বিএসএফ ও পুলিশকে খবর দেন।
পরে বিএসএফ ঘটনাস্থলে গিয়ে ২৫ জনকে হেফাজতে নেয়। তাদের সঙ্গে থাকা ভারতীয় নাগরিক রাজু রায়কেও আটক করা হয়। অভিযোগ রয়েছে, তিনি প্রত্যেকের কাছ থেকে ১২ হাজার রুপি নিয়ে তাদের বাংলাদেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছিলেন।
বিএসএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের কাছ থেকে আধার কার্ডসহ বিভিন্ন পরিচয়পত্র উদ্ধারের কথাও জানানো হয়েছে। বিষয়টি যাচাই ও আইনগত প্রক্রিয়ার জন্য তাদের কুশমণ্ডি পুলিশের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, আটক ব্যক্তিদের কয়েকজন দীর্ঘদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কাশ্মীরে কাজ করছিলেন। সম্প্রতি সেখানে অবৈধভাবে অবস্থানকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তারা পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জড়ো হন বলে জানা গেছে। তবে তাদের জাতীয়তা ও ভারতে প্রবেশের বিষয়টি আইনগত প্রক্রিয়ায় যাচাই করা হচ্ছে।



