জুলাই আন্দোলনে মাদরাসাশিক্ষার্থী সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে নাহিদের জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জানিয়েছেন।
এদিন নুরুল ইসলাম নাহিদের পক্ষে আইনজীবী সাথী শাহা জামিন আবেদন করেন। আবেদনে নাহিদের অসুস্থতার কথা উল্লেখ করে বাসায় বসে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। পাশাপাশি মামলার ঘটনার অনেক আগে থেকেই তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন।
মামলার তদন্ত চলমান থাকায় তদন্তের স্বার্থে নাহিদকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়। প্রয়োজনে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলে জানানো হয়।
গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার সাদিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়।
সাদিকুল ইসলামের মৃত্যুর ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্ত চলছে।



